ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সাপের কামড়ে আনোয়ারা বেগম (৭২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি মুন্সিরহাট ভূঁইয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম ওই এলাকার মৃত ইসমাইলের স্ত্রী। তাঁর ছেলে মো. নূর ইসলাম ভূল্লী থানায় দেওয়া অপমৃত্যুর সংবাদের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুর আনুমানিক ১২টা মিনিদিকে প্রতিবেশী জিয়াউর রহমান ভূঁইয়ার বাড়িতে অবস্থানকালে আনোয়ারা বেগমকে সাপে কামড় দেয়। পরে তাঁকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে নূর ইসলাম জানান, মাকে সাপে কামড় দেওয়ার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে মাকে আর জীবিত পাননি। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব