বগুড়া প্রতিনিধি: বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলছে বগুড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সফল উদ্যোক্তা ও খামারি হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রশিক্ষণার্থীরা।
বুধবার সকালে বগুড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস মেয়াদি “গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি (আবাসিক)” কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রশিক্ষণার্থীরা বলেন, তিন মাসের এই প্রশিক্ষণের মাধ্যমে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, কৃষি এবং প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। এই প্রশিক্ষণ তাদের ভবিষ্যতে নিজস্ব উদ্যোগে খামার গড়ে তুলে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
তারা আরও বলেন, শুধু নিজের কর্মসংস্থান নয়, সফলভাবে খামার পরিচালনার মাধ্যমে অন্য বেকার যুবকদেরও উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করতে চান। নিজেদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রশিক্ষকরা বলেন, বর্তমান সময়ে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে যুবক-যুবতীরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারেন।
তারা বলেন, তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ শুধু একটি সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাস্তব জীবনে প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে একজন দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই এর মূল লক্ষ্য। প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে সফল খামারি ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রশিক্ষকরা।
বগুড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ বেকার ও উদ্যোমী তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম