বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ইজিবাইক থামিয়ে হামলার ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী রিয়া মনি (২৩) বগুড়া শহরের নাটাইপাড়া মহল্লায় বসবাস করেন।
বুধবার এ তথ্য জানিয়েছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন। গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তরনীহাট-কাইনচাগাড়ি ব্রিজ এলাকার সড়কে নারীর শ্লীলতাহানি ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় মামলা দায়ের করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাবতলী উপজেলার মালিয়ান ডাঙ্গা গ্রামের দুলু ফকিরের ছেলে রাকিবুল হাসান শাকিল (২৬), খোরশেদ আলম মেম্বারের ছেলে রকি মিয়া (২৭), মোফাজ্জল মন্ডলের ছেলে জিহাদ হোসেন (২৪), রফিকুল ইসলামের ছেলে ইমরান ইসলাম (২২) এবং বেলাল ফকিরের ছেলে আলামিন (২৪)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী পল্লবের সঙ্গে গৃহবধূ রিয়া মনি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার ভাড়া বাসায় বসবাস করেন। তিনি শিশু কন্যাকে নিয়ে গাবতলী উপজেলার চাকলা গ্রামে মায়ের বাড়িতে বেড়াতে যান। পারিবারিক কলহের কারণে কন্যাকে সেখানে রেখে আসেন। প্রথমে ভ্যানে করে চাকলা থেকে গাবতলী বাজারে যান। গৃহবধূ একটি সিএনজি অটোরিকশায় সাবগ্রামে পৌঁছান। সেখান থেকে ইজিবাইক ভাড়া করে ঘুরছিলেন। বালিয়াদিঘী ইউনিয়নের তরনীহাট-কাইনচাগাড়ি ব্রিজের পাশে পাকা সড়কে পৌঁছালে ঘটে বিপত্তি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচজন যুবক ইজিবাইকের গতিরোধ করে চালককে চড়-থাপ্পড় দেয়। গৃহবধূকে মারধর করে পরনের কাপড় টেনেহিঁচড়ে শ্লীলতাহানি ঘটায় অভিযুক্তরা। বাসায় ফিরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্বামী পল্লবকে বিষয়টি জানানোর পর মামলা দায়ের করা হয়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানান, ঘটনা জানার পরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
রিপোর্টার্স২৪/ঝুম