স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সোহেল, মাহাবুব রাসেল ও সজিব। তারা বর্তমানে উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসিন্দা কাইয়ুম শাহরিয়ার জাহিদীর কাছে নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দেন ওই তিন ব্যক্তি।
এ সময় তারা কাইয়ুমের নামে ঝিনাইদহে মামলা ও ওয়ারেন্ট রয়েছে বলে দাবি করেন। বিষয়টি নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।
ঘটনাটি কাইয়ুম তার ভাই মো. লতিফকে জানালে তিনি উত্তরা পূর্ব থানায় বিষয়টি অবহিত করেন। পরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, কাইয়ুমের নামে ঝিনাইদহে মামলা ও ওয়ারেন্ট থাকার বিষয়ে কিছু নথি আটক ব্যক্তিদের কাছে পৌঁছানোর ঘটনায় ঝিনাইদহের এক আইনজীবীর নাম উঠে এসেছে। তবে ওই আইনজীবীর সংশ্লিষ্টতার বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তার বক্তব্যও পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কাইয়ুমের নামে ঝিনাইদহে মামলা ও ওয়ারেন্ট থাকার বিষয়টি এবং পুরো ঘটনার অন্যান্য অভিযোগ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম