নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দ্রুত মশকনিধন কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (৪ অক্টোবর) নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। চিকিৎসা শেষে ২৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত নরসিংদীতে মোট ১ হাজার ৭০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
এদিকে, নরসিংদী শহরের ভেলানগর এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। তাদের অভিযোগ, দিন দিন এলাকায় মশার প্রকোপ বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর মশার উৎপাত অসহনীয় হয়ে ওঠে। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় দ্রুত মশকনিধন ওষুধ ছিটানো এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে, জেলায় সন্দেহজনক হাম পরিস্থিতিও পর্যবেক্ষণে রয়েছে। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে নতুন করে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ৮৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৮৬৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে এ পর্যন্ত জেলায় মোট ৩০৭ জনের হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামে এ পর্যন্ত একজনের মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শূন্য।
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসাসেবার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। ভেলানগরসহ মশার প্রকোপ বেশি এমন এলাকায় দ্রুত মশকনিধন ওষুধ ছিটানো, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।
’রিপোর্টার্স২৪/রাফিদ