গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে নতুন করে আরও ৪৪ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৮৭ জনে।
হামলার ঘটনায় মেট্রোপলিটন বাসন থানায় মামলা হয়। আজ মঙ্গলবার (৬ মে) মামলায় অভিযুক্ত ৪৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অন্যদিকে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে আলটিমেটাম দেয় এনসিপির নেতাকর্মীরা।
সোমবার রাত ৭টার পর গাজীপুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য খন্দকার আল আমিন বাদী হয়ে ১'শত জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আসামি করে নগরীর বাসন থানায় মামলাটি রুজু করেন।
জিএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) রবিউল হাসান জানান, এনসিপির মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ওই দলের একজন বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। কাউকেই ছাড় দেয়া হবে না।
এর আগে সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সিটিএসবি অ্যান্ড প্রটেকশন বিভাগের সিআইওর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৪ জনকে আটকের কথা জানানো হয়।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। গাজীপুর থেকে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠক। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
রিপোর্টার্স২৪/এস