বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে দৃষ্টিদান চক্ষু হাসপাতালের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৃষ্টিদান চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক আবু সালেহ মোহাম্মদ আবীরের সভাপতিত্বে দৃষ্টিদানষ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ও সাইটসেভার্স এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের বিভিন্ন রোগ ও দৃষ্টিজনিত সমস্যা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চক্ষু চিকিৎসা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক এম. রফিকুল ইসলাম, সহকারী ম্যানেজার বিশ্বজিৎ পাল, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, হাসপাতালের চিকিৎসক ও নার্স, সংকল্প প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টিশক্তি রক্ষার পাশাপাশি প্রতিবন্ধী ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব