চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আগামী দিনের বাংলাদেশ তোমাদেরই পরিচালনা করতে হবে। তাই এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, একটি পরিবারকে শিক্ষিত করতে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাবা-মাকেও পরিশ্রম করতে হয়। একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের পেছনে প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের নিরলস পরিশ্রম ও আন্তরিকতা রয়েছে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ জন্য তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চায় মনোযোগী হতে হবে। নিজেদের সুন্দরভাবে গড়ে তুলে যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা চর্চার প্রতিও তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
সংসদ সদস্য বলেন, ‘আমার পাঁচ বোন এই বিদ্যালয় থেকে লেখাপড়া করেছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার আবেগ ও ভালো লাগা জড়িয়ে আছে। আগামী দিনে তোমাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব। তোমাদের লক্ষ্য হবে এই বিদ্যালয়কে বাংলাদেশের এক নম্বর বিদ্যালয় হিসেবে পরিচিত করা।’
বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের যেসব সমস্যা ও প্রয়োজনের কথা জানিয়েছেন, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বিদ্যালয়ের পানির সমস্যা দ্রুত সমাধানের জন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কিছু খেলাধুলার সামগ্রীও প্রধান শিক্ষকের হাতে তুলে দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চাঁদ সুলতানা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রিয়তা।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মারজানা ঈষা ও আয়শা খানম। এ সময় গান পরিবেশন করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণকলি, কবিতা আবৃত্তি করেন তাসপিয়া আক্তার এবং নৃত্য পরিবেশন করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিবেদিতা।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাসরিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৪২ জন এবং অষ্টম শ্রেণির ৬৮ জনসহ মোট ১১০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রীকে অনুষ্ঠানে কৃতি সংবর্ধনা দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব