শরীয়তপুর প্রতিনিধি: তথ্য গোপনের অভিযোগে শরীয়তপুর জেলা যুবদলের সুপারিশকৃত মো. আশিক মাদবর (জিয়া)কে জেলা যুবদলের দপ্তর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপন করায় শরীয়তপুর জেলা যুবদলের সুপারিশকৃত মো. আশিক মাদবর (জিয়া)কে জেলা যুবদলের দপ্তর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনাক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, এরআগে ৮ অক্টোবর ২০২৬ যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির অনুমতিক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে আশিক মাদবরের নাম ঘোষণা করা হয়।
তার নাম ঘোষণার পর থেকেই স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। কারণ চরমোনাই পীরের রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক আশিক মাদবর ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে ইসলামী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আশিক মাদবর। এর আগে সে সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ২০২৪ সেশনে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং ২০২৫ সেশনে কেন্দ্রীয় কমিটির স্কুল ও কলেজ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি। সর্বশেষ ২০২৬ সেশনে দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ২০২৬ সালের মার্চ মাস থেকে আশিক মাদবরকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি ইমন সরদার।
এদিকে, আশিক মাদবর এর ফেসবুক প্রোফাইলে ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন ছবি ও ভিডিও রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পদে অতিথি হিসেবে উপস্থিত থাকার বেশ কিছু ছবিও তার আইডিতে রয়েছে।
এ ব্যাপারে আশিক মাদবর বলে ছিলেন, একটা সময় ইসলামী আন্দোলনের সাথে ছিলাম, পরে অব্যাহতি নিয়েছি। জুলাই যোদ্ধা হিসেবে দল আমাকে সম্মানিত করেছে আমি সেই সম্মান রাখতে চাই, ইনশাআল্লাহ।
রিপোর্টার্স২৪/ধ্রুব