নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ৭ নম্বর আধাইপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আশরাফুল নয়ন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত আধাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাটবাজারে ছুটে বেড়াচ্ছেন আশরাফুল নয়ন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন, প্রবীণদের দোয়া নিচ্ছেন এবং তরুণদের কাছে উন্নত ও আধুনিক আধাইপুর গড়ার প্রত্যয় তুলে ধরছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আশরাফুল নয়ন এলাকার উন্নয়ন ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা করেন। তাঁর গণসংযোগকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের প্রত্যাশা ও সমস্যার কথা শোনার চেষ্টা করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল নয়ন বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, আধাইপুর ইউনিয়নের প্রতিটি মেহনতি মানুষের সেবক হতে চাই। এই ইউনিয়নের রাস্তাঘাটের সুষম উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং একটি মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গঠনই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার যে সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, তা আজীবন বজায় রাখতে চাই।”
তিনি আরও বলেন, ভোটারদের ভালোবাসা ও সমর্থনই তাঁর পথচলার মূল প্রেরণা। চেয়ারম্যান নির্বাচিত হলে আধাইপুর ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করবেন।
স্থানীয় তরুণ ও প্রবীণ ভোটারদের মতে, ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এমন জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবেন।
আশরাফুল নয়নের ধারাবাহিক গণসংযোগ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে আসন্ন নির্বাচনে ভোটারদের সমর্থন কতটা অর্জন করতে পারবেন, তা নির্ভর করবে নির্বাচনী পরিস্থিতি ও ভোটারদের সিদ্ধান্তের ওপর।
রিপোর্টার্স২৪/ধ্রুব