চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় ১৩ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবদুল গফুর (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার জুলধা ইউনিয়নের পাইপের ঘোড়া এলাকায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন গফুর।
গ্রেপ্তার আবদুল গফুর জুলধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামালের বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসের শুরুতে জুলধার পাইপের ঘোড়া বাজার এলাকায় এক শিশুকে ফুসলিয়ে একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে বলাৎকার করেন আবদুল গফুর বলে অভিযোগ রয়েছে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
এ সময় কৌশলে পালিয়ে যান আবদুল গফুর। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব