জয়পুরহাট প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। তারা সম্পর্কে মা ও মেয়ে। এ ঘটনায় একই পরিবারের আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা জুট মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রোজী আক্তার (৬৫), স্বামী মৃত নজিবুর রহমান, কড়াই ফ্যাক্টরি এলাকা, জয়পুরহাট পৌরসভা। নাজমা খাতুন (৪৫), স্বামী আসলাম হোসেন, চেয়ারম্যান পাড়া, ভাদসা, জয়পুরহাট। নিহত রোজী আক্তারের মেয়ে।
আহতরা হলেন— আলতাফ হোসেন (৫৫), আসলাম হোসেন ও তার তিন ছেলে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়, এবং সেখান পরে রাজধানী এভার কেয়ার হাসপাতালে রেফার্ড করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে ভাড়া করে একই পরিবারের ৬ জন বান্দরবানে যাচ্ছিলেন। চট্টগ্রামমুখী লেনে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ কেন্দ্রের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি মহাসড়কের মাঝখানে থাকা আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রোজী আক্তার ও নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল বলেন, "দুর্ঘটনায় হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।"
রিপোর্টার্স২৪/ধ্রুব