মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে এই রাজনৈতিক সহিংসতার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, রশিকপুর গ্রামের এরশাদ (৪০), মাহাতাব উদ্দিন ওরফে পচা (৪০) এবং আসলাম হোসেন (২৮)। তাঁদের মধ্যে এরশাদ মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং আসলাম হোসেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে মাসুদ অরুণ ও আমিরুলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র হাসুয়া ও লাঠিসোঁটা দিয়ে হামলার ঘটনায় মাহাতাব উদ্দিন, আসলাম হোসেন ও এরশাদ আহত হন।
স্থানীয় লোকজন ও স্বজনেরা মাহাতাব উদ্দিন ও আসলাম হোসেনকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আসলাম হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাহাতাব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। অন্যদিকে, এরশাদকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে আরও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
মুজিবনগর থানার ওসি তদন্ত সেলিম জাহাঙ্গীর বলেন, 'দুই রাজনৈতিক প্রতিপক্ষের পূর্ব শত্রুতা জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে তিনজন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/ধ্রুব