মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় দুইজন নিহত হওয়ার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরে আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এর আগে বৃহস্পতিবার সকালে পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল সেলফি পরিবহনের একটি বাস। একই সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার চালকও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনার পর সেলফি পরিবহন বন্ধের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে প্রায় ২০০ থেকে ৩০০টি যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর সেলফি পরিবহন সাময়িক বন্ধ রাখার আশ্বাস দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর তারা সড়ক অবরোধ করে সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবি জানান। জেলা প্রশাসক ভিডিও কলে এসে সেলফি পরিবহন বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও জানান তারা।
পরে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি সেলফি পরিবহনের চলাচল সাময়িক বন্ধ রাখার কথা জানালে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে সেলফি পরিবহনের চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জনসাধারণকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই পরিবহন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন এলাকাবাসী। তারা জেলা প্রশাসক বরাবর একাধিক স্মারকলিপি ও প্রদান করেছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব