বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন নিশ্চিত করা এবং জ্বালানি গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, গাবতলী-শাজাহানপুর আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা পুলিশ সুপার মির্জা সাহেব মাহমুদ এবং স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কৃষকদের মধ্যে সারের সুষম বণ্টন নিশ্চিত করা এবং জ্বালানি গ্যাসের অপচয় রোধ করে যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা ও জ্বালানি সম্পদের সঠিক ব্যবহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
রিপোর্টার্স২৪/রাফিদ