টাঙ্গাইল প্রতিনিধি: ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এবং ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’—এ স্লোগানে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স।
জেলা নিসচার সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদার। আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা নিসচার কার্যনির্বাহী সদস্য এসএম শফিকুল আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শেখ মাহতাব উদ্দিন আহমেদ, জেলা বাস-কোচ মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান শফিক এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহীন।
বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। তাঁরা ‘একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না’—এই বাস্তবতা স্মরণ রেখে সড়ক নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে নিসচার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযান এবং আলোচনা সভা।
কর্মসূচির শেষ পর্বে নিসচার প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী প্রয়াত জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় সংগঠনটির অতীত ইতিহাস তুলে ধরে জানানো হয়, ২০০১ সালে টাঙ্গাইল জেলা নিসচার কমিটি গঠিত হয়। তৎকালীন কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মু. জোবায়েদ মল্লিক বুলবুল এবং সাধারণ সম্পাদক ছিলেন মাছুদুর রহমান মাসুদ। তাঁদের নেতৃত্বেই টাঙ্গাইলে সড়ক নিরাপত্তাবিষয়ক এ মানবিক আন্দোলনের যাত্রা শুরু হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব