রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (তাহসিফ সাউরি) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। তদন্তে জানা গেছে, তিনি মাঝেমধ্যে নদীর রাজাবাড়ী ঘাট এলাকায় ঘুরতে যেতেন। ঘটনার দিনও উত্তরা এলাকার বাসা থেকে বের হয়ে সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকাল আনুমানিক ৪টার দিকে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা ছোট নৌকায় নদী পারাপারের জন্য রাজাবাড়ী ঘাট ব্যবহার করেন। তাহসিফ মাঝেমধ্যে ওই এলাকায় যেতেন। ঘটনার দিনও তিনি বাসা থেকে বের হয়ে সেখানে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন তাহসিফ এক জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর ঘাটসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের খবর পান।
তদন্তের অংশ হিসেবে তাহসিফের সঙ্গে সর্বশেষ বাইরে যাওয়া ব্যক্তির বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। তারা কোথায় গিয়েছিলেন, কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না এবং এরপর কী ঘটেছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
তাহসিফের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তসংশ্লিষ্টরা। মরদেহের অবস্থান, শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকার বিষয়টি এবং অন্যান্য আলামত গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে।
ঢাকা অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু নেই, যেটি দেখে মৃত্যুর কারণ বলা যায়। বিষক্রিয়া, শ্বাসরোধসহ বিভিন্ন সম্ভাবনাও তদন্তে বিবেচনায় থাকতে পারে। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।’
তিনি জানান, নৌ-পুলিশের পাশাপাশি একাধিক সংস্থা ঘটনাটি নিয়ে তথ্য সংগ্রহ করছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিবারের অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল যায়। ফরেনসিক ভ্যানের মাধ্যমে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে যুক্ত হয়েছে।
ঘটনাস্থলের পরিস্থিতি, মরদেহের অবস্থান ও সংগৃহীত আলামত বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তকারীরা মৃত্যুর সম্ভাব্য কারণ নির্ধারণে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর তাহসিফ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কিনা, সেটিও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম