ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আরও ৫০৮ জন রুশ বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়া। এর ফলে কেন্দ্রটিতে কর্মরত রুশ বিশেষজ্ঞের সংখ্যা ১৯২ থেকে বেড়ে ৭০০ জনে দাঁড়াবে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম সম্প্রসারণ ও নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনাও করছে মস্কো।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ বুধবার এ তথ্য জানিয়েছেন বলে মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লিখাচেভ বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং সেখানে কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কেন্দ্রটিতে রুশ কর্মীদের উপস্থিতি কমানোর পরিবর্তে তাঁদের সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে কেন্দ্রটির নির্মাণ ও সেবাসংশ্লিষ্ট কাজে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ নিয়োজিত আছেন।
এদিকে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মস্কো পৌঁছেছেন। সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর লিখাচেভ জানিয়েছিলেন, ইরানে বড় ও ছোট আকারের নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান বিবেচনা করছে রোসাটম।
লিখাচেভের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের স্থান নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে প্রকল্পগুলোর নির্মাণকাজ শুরুর সময়সীমা কিংবা বিস্তারিত আর্থিক তথ্য প্রকাশ করা হয়নি।
রাশিয়া ও ইরানের পারমাণবিক জ্বালানি খাতে দীর্ঘদিনের সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ বুশেহর বিদ্যুৎকেন্দ্র। নতুন জনবল নিয়োগ ও অতিরিক্ত বিদ্যুৎ ইউনিট নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে রাশিয়ার ভূমিকা আরও বিস্তৃত হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ