খুলনা প্রতিনিধি: বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্য রয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তালিকায় খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত সদস্যরা রয়েছেন। তাঁদের মধ্যে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখার সদস্যও রয়েছেন।
পুলিশের বিভিন্ন ইউনিটে ক্যাশিয়ার হিসেবে পরিচিত এসব সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ নীতি বাস্তবায়নে প্রথমে পুলিশ বাহিনীর অভ্যন্তরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, পুলিশের সদস্যদের অনৈতিক সুবিধা গ্রহণের প্রবণতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বাহিনীর প্রতি জনআস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
ডিআইজি আরও বলেন, এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আইজিপিরও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় খুলনা বিভাগে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/রাফিদ