বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ব্যক্তি মালিকানাধীন জায়গায় ফলের মার্কেট স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন ফল ব্যবসায়ী ও আমদানিকারকেরা। বুধবার (৪ নভেম্বর) শহরের স্টেশন রোডে বগুড়া ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. সেকেন্দার কাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আমদানিকারক মো. মনসুর আলম ও মো. মুকুল হোসেন।
বক্তারা অভিযোগ করেন, আরফান নামে এক ব্যক্তি নিজেকে আমদানিকারক পরিচয় দিয়ে ব্যক্তি মালিকানাধীন জায়গায় ফলের মার্কেট স্থানান্তরের চেষ্টা করছেন। এ উদ্যোগকে তাঁরা উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁরা ব্যক্তি মালিকানাধীন জায়গায় মার্কেট স্থানান্তর না করে সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে মার্কেট স্থাপনের দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আমান, উপদেষ্টা মো. লিটন শেখ বাঘা, সিনিয়র সহসভাপতি কাজী মোতাহার শেখ, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ হোসেন, সহসাধারণ সম্পাদক মামুন শেখ, আলহাজ্ব আকতার হোসেন ও রকি আহম্মেদসহ অন্যরা।
বক্তারা বলেন, ফল ব্যবসায়ীদের স্বার্থ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানেই ফলের মার্কেট স্থাপন করতে হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব