নারায়ণগঞ্জ প্রতিনিধি : মায়ের জানাজায় অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। জানাজা ও দাফন শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাঁর মা বিলকিস আমিনের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিস আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার সকাল ৮টার দিকে নয়াআটি মুক্তিনগর এলাকার নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। ছেলে কারাগারে থাকায় তাঁর উপস্থিতিতে জানাজা সম্পন্ন করতে রাতে জানাজার সময় নির্ধারণ করা হয়। পরে প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নেন হাবিব। দাফন শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, ‘জানাজার সময়ে আমাদের থানা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ছিল। জানাজা শেষে তাঁকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।’
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বলেন, মায়ের জানাজায় উপস্থিত হওয়ার জন্য বুধবার বিকেল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
রিপোর্টার্স২৪/ঝুম