নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।
সহকারী অধ্যাপক আবু রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, প্রভাষক জাকিরুল ইসলাম, প্রভাষক ইদ্রিস আলী, প্রভাষক রিপন সরদার, কম্পিউটার প্রদর্শক মো. খালেক হাসান এবং সহকারী লাইব্রেরিয়ান জহুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বলেন, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিবসের তাৎপর্য, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাতীয় জীবনে এর প্রভাব সম্পর্কে নতুন প্রজন্মকে গভীরভাবে জানতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিকত্ব অর্জনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ হতে হবে।"
তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানার পাশাপাশি যুক্তিনির্ভর চিন্তা এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।"
আলোচনা সভায় কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সাপ্তাহিক প্রজন্মের আলো, প্রজন্ম টিভি ও প্রজন্মের মেলা।
রিপোর্টার্স২৪/ঝুম