ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলমের ডাকবাংলো (বিএনপির দলীয় কার্যালয়) ভাঙচুরের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজনকে (৪৭) গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ৭ নভেম্বর দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
সাখাওয়াত হোসেন সুজন পৌর শহরের জগন্নাথপুর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, গত ২ বছর আগে ১৯ জুলাই বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে মন্ত্রী মহোদয়ের ডাকবাংলো ভাঙচুর করেন আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুজনসহ তার সহযোগীরা। সেখানে মন্ত্রী মহোদয় বিএনপির দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট কমলপুর এলাকার বাসিন্দা আলম সরকার বাদী হয়ে ১৪০ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। মামলা হওয়ার পর থেকে এজাহারনামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম