কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে রাতের আঁধারে ফজলে রাব্বি (৪০) নামে এক ব্যক্তির বাগানের শতাধিক ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে লিচু, সুপারি, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির গাছ। এতে বাগান মালিকের ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর ভেরেন্ডী গ্রামে ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার ফজলে রাব্বির বাগানে এ ঘটনা ঘটে। ফজলে রাব্বি ওই গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, বাগান মালিক ফজলে রাব্বি ৩৫ শতাংশ জমির ওপর বিভিন্ন ফলজ গাছের বাগান করেন। বাগানে দুই থেকে তিন বছর বয়সী লিচু, সুপারি, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১১০টি ফলজ গাছ ছিল। সোমবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি। গাছগুলো কেটে ফেলায় তাঁর ৪ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক ফজলে রাব্বী বলেন,রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলেছে। প্রতিটি গাছেই এবার ফল ধরার সম্ভাবনা ছিল। আমার ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।আমি কালাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
একই গ্রামের বাসিন্দা আনিসুর রহমান বলেন, সমাজে চলতে গেলে মানুষের মধ্যে মনোমালিন্য বা মতবিরোধ হতেই পারে। তাই বলে এভাবে কারও বাগানের গাছ কেটে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বাগান মালিক ফোন করে বিষয়টি জানালে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাগান মালিকের লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব