নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে যৌথ অভিযান চালিয়ে ১১ লাখ ৮৫ হাজার ৪৬০ টাকা মূল্যের বিড়ির অবৈধ ও ভুয়া রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামরাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান চালায়।
অভিযানে অবৈধ ও ভুয়া রাজস্ব স্ট্যাম্প সংরক্ষণের অভিযোগে দুজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার মৃত মনিন্দের ছেলে নেপাল দত্ত (৬১) এবং নরসিংদীর শিবপুর থানার মৃত জমির উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫)।
পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১১ লাখ ৮৫ হাজার ৪৬০ টাকা মূল্যের বিড়ির অবৈধ ও ভুয়া রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার দুজনকে শিবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব