মো. নাজমুল হাসান, আন্তালিয়া (তুরস্ক): জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় অভিন্ন দায়িত্ব, নিরাপত্তা ও সুফল বণ্টনের ভিত্তিতে নতুন ‘ক্লাইমেট জাস্টিস কমপ্যাক্ট’ গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসা এবং বিপুল পরিমাণ জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
গুতেরেস বলেন, ‘আমাদের অভিন্ন দায়িত্ব, অভিন্ন নিরাপত্তা ও অভিন্ন সুফল বণ্টনের ভিত্তিতে একটি নতুন ক্লাইমেট জাস্টিস কমপ্যাক্ট প্রয়োজন।’
তিনি বলেন, অভিন্ন কিন্তু পৃথকীকৃত দায়িত্বের নীতি (Common but Differentiated Responsibilities) অনুযায়ী প্রতিটি দেশকে নিজ নিজ বাধ্যবাধকতা পূরণ করতে হবে।
প্রস্তাবিত এই কাঠামোর চারটি প্রধান ভিত্তি তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। এগুলো হলো—জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত রূপান্তর ত্বরান্বিত করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং ভূরাজনৈতিক বিভাজনের পরিবর্তে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া।
গুতেরেস সতর্ক করে বলেন, বাণিজ্য প্রতিবন্ধকতা, প্রযুক্তির একচেটিয়া নিয়ন্ত্রণ এবং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জ্বালানি রূপান্তরের গতি কমিয়ে দিচ্ছে, ব্যয় বাড়াচ্ছে এবং বিশ্বের কোটি কোটি মানুষকে পিছিয়ে রাখছে।
তিনি বলেন, ‘সব বিষয়ে দেশগুলোর একমত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু যেসব সমস্যা কোনো একটি দেশ একা সমাধান করতে পারবে না, সেগুলো মোকাবিলায় তাদের সহযোগিতা করতেই হবে।’
জলবায়ু অভিযোজন ও আগাম সতর্কবার্তা
জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অর্থায়নের সহায়তায় নতুন প্রজন্মের জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, ‘পৃথিবীর প্রতিটি মানুষকে আগাম সতর্কবার্তা ব্যবস্থার আওতায় আনতে হবে এবং প্রতিটি জনগোষ্ঠীকে বন্যা, খরা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে সুরক্ষিত রাখতে হবে।’
তাপমাত্রা বৃদ্ধির সীমা অতিক্রমের ঝুঁকি
প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমা সাময়িকভাবে অতিক্রম করা এখন আর এড়ানো সম্ভব নয় বলে স্বীকার করেন গুতেরেস। তবে তিনি এই পরিস্থিতিকে স্থায়ী পরিণতিতে পরিণত হতে না দেওয়ার জন্য বিশ্বনেতাদের কার্যকর নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিজ্ঞান বলছে, তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির সীমা ছাড়িয়ে যাওয়া এখন অনিবার্য। কিন্তু বিজ্ঞান আমাদের আত্মসমর্পণ করতে বলছে না। বরং আরও জোরালোভাবে লড়াই করতে বলছে।’
১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য অর্জনের জন্য ২০৩৫ সালের মধ্যে ২০২৫ সালের তুলনায় বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা তিন গুণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন অন্তত ৭৫ শতাংশ কমানোর আহ্বান জানান।
পরিচ্ছন্ন জ্বালানির অগ্রগতি বনাম জীবাশ্ম জ্বালানির লবি
গত এক দশকে পরিচ্ছন্ন জ্বালানির অগ্রগতির চিত্র তুলে ধরে গুতেরেস বলেন, বিশ্বে মোট বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অবদান এক শতাংশ থেকে বেড়ে গত বছর বৈশ্বিক বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির প্রায় তিন-চতুর্থাংশ পূরণ করেছে।
একই সময়ে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে বিক্রি হওয়া প্রতি ১০০টি গাড়ির মধ্যে মাত্র একটি ছিল বৈদ্যুতিক গাড়ি। বর্তমানে তা বেড়ে প্রায় তিনটিতে দাঁড়িয়েছে।
‘জীবাশ্ম জ্বালানির পক্ষে যুক্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে’ মন্তব্য করে তিনি বলেন, বিশ্বের প্রায় ৭৫ শতাংশ মানুষ এমন দেশে বসবাস করে, যেগুলো জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। ফলে এসব দেশের জনগণ জ্বালানির মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়সংকটের ঝুঁকিতে রয়েছে।
গুতেরেস বলেন, ‘জীবাশ্ম জ্বালানিরও ডাইনোসরের মতো বিলুপ্তির পথে যাওয়া উচিত।’
তিনি অভিযোগ করেন, জীবাশ্ম জ্বালানি খাতের প্রভাবশালী লবি বৈজ্ঞানিক তথ্য বিকৃত করার চেষ্টা করছে এবং একই সঙ্গে নীতিনির্ধারণ, কার্যকর পদক্ষেপ ও জবাবদিহি বিলম্বিত করছে।
নিঃসরণ কমানো ও জলবায়ু অর্থায়নের তাগিদ
বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ প্রতিবছর প্রায় ৬ শতাংশ হারে কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। তাঁর মতে, দেশগুলোর বিদ্যমান জাতীয় জলবায়ু পরিকল্পনাগুলো প্রয়োজনীয় নিঃসরণ হ্রাসের সর্বোচ্চ এক-তৃতীয়াংশ অর্জন করতে পারবে। এ পরিস্থিতিতে শতাব্দীর শেষ নাগাদ প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
গুতেরেস উন্নত দেশগুলোর প্রতি ২০৩৫ সালের মধ্যে প্রতিবছর অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
এ ছাড়া বড় তেল কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ করে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থ সংগ্রহের প্রস্তাব দেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের নয়টি বৃহৎ তেল কোম্পানি গত প্রান্তিকে সম্মিলিতভাবে ৯৫ বিলিয়ন ডলার মুনাফা করেছে।
তিনি বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে যারা সবচেয়ে বেশি মুনাফা অর্জন করছে, তাদের অবশ্যই সৃষ্ট ক্ষয়ক্ষতির ব্যয় বহনে অংশ নিতে হবে।’
বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর প্রতিও ২০৩০ সালের মধ্যে বাকুতে দেওয়া বার্ষিক ১২০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির চেয়ে বেশি অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গুতেরেস বলেন, ‘অংশীদার দেশগুলোকে এসব ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। আরও বেশি বেসরকারি বিনিয়োগ আনতে হবে এবং আরও বেশি ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।’
জলবায়ু বিপর্যয় ও মানবিক সংকটের সতর্কবার্তা
জলবায়ুজনিত দুর্যোগ বিশ্বজুড়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতিকে বিপর্যস্ত করছে উল্লেখ করে গুতেরেস বর্তমান পরিস্থিতিকে ‘পারস্পরিক নিশ্চিত ধ্বংসের পথে যাত্রা’ হিসেবে বর্ণনা করেন।
তিনি সতর্ক করে বলেন, ‘হয় ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের পরিকল্পনা করুন, নয়তো বিশৃঙ্খলা ও মানুষের জীবিকা হারানোর মূল্য দিতে প্রস্তুত থাকুন।’
উল্লেখ্য, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১ অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের আয়োজক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে আন্তালিয়ায় ‘চমৎকার আতিথেয়তা ও সম্মেলনের চমৎকার আয়োজনের’ জন্য ধন্যবাদ জানান গুতেরেস।
রিপোর্টার্স২৪/ধ্রুব