লক্ষ্মীপুর প্রতিনিধি: বিদ্যুৎ সংযোগ ও মিটার দেওয়ার নামে ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা ইফতে খাইরুল ইসলাম লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগে কর্মরত ছিলেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) বনি আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ও মিটার প্রদানসংক্রান্ত কাজে দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৬২-এর ১৪১ নম্বর বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
এদিকে, একই দপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধেও এর আগে ঘুষ লেনদেন ও ঘুষ দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর তাকেও সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
পিডিবির একই কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষসংক্রান্ত ভিডিও প্রকাশ এবং পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ঘটনায় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ