মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্মৃতিস্তম্ভের পেছন থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শহরের গোরস্থান পাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) এবং শিশুবাগান পাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের একটি যৌথ দল টহল দিচ্ছিল। এ সময় মেহেরপুর সরকারি কলেজের সীমানাপ্রাচীরের ভেতর থেকে আকাশ ও শাওন কাপড়ে আগুন ধরিয়ে আগুনের গোলা স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপের চেষ্টা করেন। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি স্মৃতিস্তম্ভে না পড়ে টহলরত পুলিশ সদস্যদের সামনে গিয়ে পড়ে। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে।
মেহেরপুর জেলা পুলিশের মিডিয়া ফোকাল পার্সন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার সময় দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/রাফিদ