কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনায় তাঁর বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নুসরাত তাবাসসুমের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত পৌনে ১২টার দিকে দৌলতপুরে তাঁর গ্রামের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা আহত হন।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, এভাবে তাঁর কণ্ঠরোধ করা যাবে মনে করলে হামলাকারীরা ভুল করবে। আগুনের পথ পাড়ি দিয়েও তিনি নিজের কাজ চালিয়ে যাবেন।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, তাঁদের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।
তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আগুন লাগার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি বলেন, বাড়ির গরু রাখার জায়গা ও স্টোর হিসেবে ব্যবহৃত একটি ঘরে আগুন লাগে। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ওসি আরও জানান, ওই ঘরে থাকা গরুগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে। আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
রিপোর্টার্স২৪/রাফিদ