রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ দলের। আজ ঘুরে দাঁড়াতেই হবে। ঠিক এমন মিশনে কলম্বোতে টস ভাগ্য সঙ্গে থাকল মেহেদী হাসান মিরাজের। সিরিজে টিকে থাকতে আজ কলম্বোতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য হাসলেন টাইগার ক্যাপ্টেন। মেহেদী হাসান মিরাজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শুরুতেই।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হারার পর মিরাজদের আজ জয়ের বিকল্প নেই। সিরিজের উত্তেজনা ধরে রাখতে এই ম্যাচে ঘুরে দাঁড়ানো প্রয়োজন ছিল, এবং শুরুটা হলো টস জিতে।
প্রথম ওয়ানডে থেকে আজকের ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ব্যর্থ লিটন দাসের জায়গায় একাদশে এসেছেন শামীম হোসেন। আর ইনজুরি বা ফর্মহীনতায় ছিটকে যাওয়া তাসকিন আহমেদের জায়গা নিয়েছেন পেসার হাসান মাহমুদ।
এই ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু একটি সিরিজের দ্বিতীয় ম্যাচ নয়, বরং সাম্প্রতিক ফর্মহীনতার বিপরীতে প্রতিরোধ গড়ে তোলার এক সুযোগ। সবশেষ ৭ ওয়ানডে ম্যাচে জয় নেই। ২০২৩ বিশ্বকাপের পর থেকে ২৪ ম্যাচে জয় মাত্র ৬টিতে।
বাংলাদেশ এখন পর্যন্ত ৬৯টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। এর মধ্যে প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতেছে মাত্র একবার ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই রেকর্ড পুনরাবৃত্তি করতে হলে আজ এবং শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে মিরাজদের।
বাংলাদেশ একাদশ:মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কার একাদশ: নিসান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহীশ থিকশানা, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো।
রিপোর্টার্স২৪/ ঝুম