খুলনা প্রতিনিধি: খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ভাই শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে এসআরবি’র সদস্যরা। বৃহস্পতিবার ১২ নভেম্বর বেলা সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ডিসি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে টুটপাড়া ইস্ট সার্কুলার লেনের শাহজাহানের ছেলে। এসআরবি’র প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নুর আজিমের ভাই রকি একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় মাদক ও হত্যাসহ ৯টি মামলা রয়েছে।
খুলনার প্রশাসন দীর্ঘদিন ধরে তার খোঁজ নিতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র সদস্যরা তার অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নুর আজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী মো. শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খানজাহান আলী রোডের নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় নুর আজিমের নাম উঠে আসে। এছাড়া ওই গ্রুপের বিরুদ্ধে নগরীতে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম