রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পকারখানার নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোট ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়মিত টহল, নিরাপত্তা তদারকি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজ করছেন।
ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলেও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং কার্যক্রম চালু রাখা হয়েছে। প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে।
এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সম্পর্কে সদর দপ্তর থেকে তাৎক্ষণিক তথ্য পাওয়া এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখতেই ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির এই মোতায়েন ও প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম