ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে সাংবাদিক এম আর রুবেলের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৩টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে এ কর্মসূচি পালিত হয়। ভৈরব প্রেসক্লাব ও ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন দৈনিক যুগান্তর প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেলুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, সাংবাদিক নজরুল ইসলাম রিপন, সজীব আহমেদ, মো. আলাল উদ্দিন ও শামীম আহমেদ প্রমুখ। এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগী সাংবাদিক এম আর রুবেল, সাংবাদিক রাজিবুল হাসান, আশরাফ আলী, আরিফুল ইসলাম মামুন, নাজির আল-আমিন, ফজলুর রহমান বাবু, আল-আমিন টিটু ও শাহীন আলম।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভৈরবের ‘আজকের কাগজ’ পত্রিকার সাংবাদিক এম আর রুবেলের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করবে—এটি মেনে নেওয়া যায় না। সমাজে অন্যায়-অপরাধ, মারামারি-সংঘর্ষ, দখলবাজি ও চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গেলেই সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। তারা সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি করেন। ঘটনার বিচার না হলে ভৈরবের সাংবাদিকরা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে বক্তারা হুঁশিয়ারি দেন।
গত শুক্রবার ভৈরবের কমলপুর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাংবাদিক এম আর রুবেল সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁর ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। এ ঘটনার প্রতিবাদে আজ রবিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভৈরবে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী সাংবাদিক এম আর রুবেল বলেন, ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে একদল লোক আমার ওপর হামলা করলে আমি আহত হই। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ করব। তিনি ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, ঘটনার বিষয়ে সাংবাদিক রুবেল থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব