মেহেরপুর প্রতিনিধি: ‘দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, মাফ করে দিয়েছি। কিন্তু আওয়ামী লীগের দালালি করবেন না। গণতন্ত্র যখন বিপন্ন, তখন আওয়ামী লীগের ঠিকাদারি নিয়েছেন। মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের উদ্দেশে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
তিনি বলেন, আমরাই সেই নেতাকর্মী, যারা ধানের শীষে ভোট দিতে পেরেছি। ধানের শীষের সরকার এখন ক্ষমতায়। কোনো ধরনের অপরাজনীতি ও অন্যায় বরদাস্ত করা হবে না। আমাদের প্রধানমন্ত্রী যখন বলেছেন, ফ্যাসিবাদের দুর্গ ভেঙে দিতে হবে, তখন শেখ হাসিনার দোসর ও ভারতীয় দালালরা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে দাঁড়ানো হবে।
রোববার (১৫ নভেম্বর) মুজিবনগর উপজেলা বিএনপির আয়োজনে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা রুখে দেওয়া এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয়ে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের উদ্দেশে মাসুদ অরুন আরও বলেন, প্রয়োজন হলে থানা ঘেরাও হবে, উপজেলা ঘেরাও হবে। ফ্যাসিবাদের দোসরদের কেউ দালালি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাবধান হয়ে যাবেন। জনগণের স্বপ্ন ভঙ্গ করেছেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় ফ্যাসিসদের ছাড় দেওয়া হবে না।
শুনতে পাচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এখানকার নেতৃবৃন্দরা প্রায় চাপ সৃষ্টি করেন। জনগণের চাপ যদি তৈরি হয় তাহলে নিশ্চয় আপনি বুঝবেন জনগণের পাল্লা কোন দিকে ভারী। আমরা বলতে চাই কোন ব্যক্তির ইচ্ছায় প্রশাসন চলবে না। জনগণের উপর বিশ্বাস রেখে তাদের আস্থাকে সম্মান করে প্রশাসন চালাতে হবে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশে তিনি বলেন, রশিকপুরে একটি পেটোয়া সন্ত্রাসী বাহিনী গ্রামের মানুষকে উত্তপ্ত করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। কারও সুপারিশে কাউকে খাতির করতে যাবেন না। সোজা হয়ে চলবেন, সোজা হয়ে চলতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
এর আগে মুজিবনগরের কেদারগঞ্জ বাজার থেকে একটি গণমিছিলটি বের হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব