বিনোদন ডেস্ক: এফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে মুখের ওপর ‘ফ্যাসিস্ট’ বলার পাশাপাশি কড়া ভাষা প্রয়োগ করেছেন চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক হেলাল খান। অভিযোগ রয়েছে, এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয় চৌধুরী এবং চলচ্চিত্র শিল্পী সমিতির কয়েকজন সদস্য অংশ না নেওয়ায় হেলাল খান ক্ষুব্ধ হন, এতে উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ।
রোববার বিকেলের ঘটনা এটি। চলচ্চিত্রপাড়ায় এ নিয়ে এখন তুমুল চর্চা; বিশেষ করে হেলালের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়েই আলোচনা।
জানা যায়, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এফডিসিতে থেকেও পূর্বঘোষিত সেই মানববন্ধনে জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতি আয়োজকদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সেখান থেকে ঘটনার সূত্রপাত।
মানববন্ধন শেষ হওয়ার পর শিল্পী সমিতির কার্যালয়ের সামনে যান হেলাল খান। সেখানে জয় চৌধুরীসহ কয়েকজনকে পান। মানববন্ধনে অংশ না নেওয়ার কারণ জানতে চাওয়ার পর জয় চৌধুরী বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তার বক্তব্যকে সন্তষ্ট না হয়ে এ সময় ক্ষুব্ধ হয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করেন হেলাল খান। ভাইরাল ভিডিওগুলো থেকে শোনা যায়, ‘তুই ফ্যাসিস্ট, স্বৈরাচারের দোসর। এ কারণে অনুষ্ঠানে যাসনি তোরা’—জয় চৌধুরীকে মুখের ওপর এ কথা বলেন হেলাল। যদিও জয় ছাড়াও অন্য কয়েকজনের ওপরেও প্রায় একইভাবে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হেলালের কথা ছিল এমন ‘সবগুলো ফ্যাসিস্ট। এফডিসি ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
এ ঘটনার পর সংবাদ মাধ্যমে জয় দাবি করেছেন, পুরো ঘটনার পেছনে রয়েছে একটি ভুল-বোঝাবুঝি। শিল্পী সমিতির সামনে বসে থাকা কয়েকজন ব্যক্তি ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত। হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে।
হেলাল খান ও জয় চৌধুরীর মধ্যে ঘটে যাওয়া এই বিরোধকে নিশ্চিতভাবেই ভালোভাবে নেয়নি চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এফডিসিকেন্দ্রিকে তাদের নিজেদেরও একটি সংগঠন রয়েছে। চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত হয় ‘উনিশ সংগঠন’ নামে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। যার আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু আর মুখপাত্র জয় চৌধুরী। কাজেই সাংগঠনিক সম্পর্কের মধ্যে থেকেও এমন বিরোধ ইতিবাচক নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম