জয়পুরহাট জেলা প্রতিনিধি: প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের উদ্যোগ বাতিলের দাবিতে জয়পুরহাটে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা কাজী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্ট্রার বহাল রাখা উচিত। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে তিনজন নিয়োগের উদ্যোগ পেশাজীবীদের জীবিকা ও পেশাগত অধিকারকে হুমকির মুখে ফেলবে।
তারা আরও বলেন, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। প্রতিটি নিবন্ধনের বিপরীতে প্রাপ্ত ফি থেকে সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিতে হয়। সীমিত এই আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবারের ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে তিনজন করে নিয়োগ দিলে তাদের আয় আরও কমে যাবে।
কর্মসূচিতে বক্তারা নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরীয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিল, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি এবং শূন্য পদগুলোতে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগের দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ-সভাপতি নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারবৃন্দ।
রিপোর্টার্স২৪/ঝুম