রিপোর্টার্স ডেস্ক: বিশ্বের দ্রুত বর্ধনশীল বিদেশভ্রমণ বাজারগুলোর অন্যতম ভারত থেকে আরও বেশি পর্যটক আকৃষ্ট করতে জোরালো উদ্যোগ নিয়েছে জাপানের পর্যটন শিল্প। দেশটির পর্যটন খাত ভারতীয় বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে নানা ধরনের পরিকল্পনা ও প্রচারণা চালাচ্ছে।
ভারতীয় পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদা এবং ভ্রমণের পরিবর্তিত পছন্দকে বিবেচনায় নিয়ে জাপানের হোটেল, ট্রাভেল অপারেটর ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিশেষ সেবা ও ভ্রমণ প্যাকেজ চালু করছে।
নিক্কেই এশিয়া ৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে জাপানে ভারতীয় পর্যটকদের ব্যয় আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ বেড়েছে। এতে জাপানের পর্যটন অর্থনীতিতে ভারতীয় বাজারের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।
জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের (জেএনটিও) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রেকর্ড ৩ লাখ ১৫ হাজার ১০০ জন ভারতীয় পর্যটক জাপান ভ্রমণ করেছেন। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৩৫ দশমিক ২ শতাংশ বেশি।
এই প্রবণতাকে কাজে লাগাতে জাপানের পর্যটন খাত ভারতীয় পর্যটকদের উপযোগী আতিথেয়তা, উন্নত ভ্রমণসেবা এবং বিশেষ প্রচারণার ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ভারতীয় পরিবার, দম্পতি ও দলগত ভ্রমণকারীদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন ‘জাপান। আনফরগেটেবল’ শিরোনামে একটি বৈশ্বিক প্রচারণাও শুরু করেছে। এতে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, আঞ্চলিক খাবার এবং বিভিন্ন ঋতুর আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে।
এই প্রচারণার অন্যতম লক্ষ্য হলো, চেরি ব্লসমের মৌসুমের মতো জনপ্রিয় সময়ের পাশাপাশি বছরের অন্যান্য সময়েও পর্যটকদের জাপান ভ্রমণে উৎসাহিত করা।
এ ছাড়া জাপানের পর্যটন কৌশলে টোকিও ও ওসাকার মতো বড় শহরের বাইরে বিভিন্ন আঞ্চলিক পর্যটনকেন্দ্রকে জনপ্রিয় করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পর্যটন আয়ের সুফল দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
জাপান সরকার ২০৩০ সালের মধ্যে বছরে ৬ কোটি আন্তর্জাতিক পর্যটক আকৃষ্ট করার পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছ থেকে ১৫ ট্রিলিয়ন ইয়েন আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ভারতের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি, বিদেশভ্রমণের বাজারের সম্প্রসারণ এবং জাপানের সংস্কৃতি, খাবার ও প্রযুক্তির প্রতি বাড়তে থাকা আগ্রহের কারণে দেশটি এখন জাপানের পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব