স্টাফ রিপোর্টার: ঢাকাই চলচ্চিত্রের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসের পর এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন অপু বিশ্বাস।
পরীমনিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।
রোববার (১৫ নভেম্বর) এক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমনির স্ট্যাটাস প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেন, তারা আমাকে বেচতে চান।’
তবে কে তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, তা সরাসরি জানেন না বলেও উল্লেখ করেন অপু। তার ভাষায়, ‘যে মানুষটি আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, আই ডোন্ট নো, ওরা আমাকে বলেছে। আমি এখনো বলছি, বারবার বলব। আমি ওইভাবে ফেসবুক ব্যবহার করি না। আমার কিছু পারিবারিক বন্ধু আছে, তাদের কিছু পোস্ট আমার সামনে আসে, সেসব পোস্টে মন্তব্য করে থাকি।’
একপর্যায়ে পরীমনিকে ইঙ্গিত করে আরও কড়া মন্তব্য করেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ, ৫টি আন্ডার প্রোডাকশন। সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে, দ্যাটস ইট। আর কোনো কথা বলতে চাই না।’
নায়িকাদের হাতে কাজ নেই এমন আলোচনা নিয়েও কথা বলেন অপু। ‘কোটি টাকার কাবিন’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘অপু বিশ্বাস বাংলাদেশে কাজ করেছেন কি না, তার প্রমাণ আপনারা। আশা করব, আপনারা আমার হয়ে দু-একটা ভিডিও দেবেন।’
অভিনয়ের পাশাপাশি বর্তমানে সন্তান ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কথাও জানান তিনি। অপু বলেন, ‘আমি এখন সন্তানের মা। পাশাপাশি ব্যবসা করছি। অবশ্যই আরও ভালো ব্যবসা করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ করব। একটা মানুষ একটা সেক্টরে সারা জীবন থাকে না। যেমন শাহরুখ খান, ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা চোপড়া নেই। এ ক্ষেত্রে বড় বড় দেশকে অনুসরণ করতে হবে। একটা জায়গায় বসে থাকলে হবে না।’
কী হয়েছে অপু-পরীমনির, কেন দ্বন্দ্ব?
সম্প্রতি এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন পরীমনি। কাউকে সরাসরি উল্লেখ না করলেও তার স্ট্যাটাসে অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করেন অনেকে। সেখানে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন, কী বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
একই স্ট্যাটাসে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন পরীমনি। তার এই মন্তব্যের পর এবার অপু বিশ্বাসের বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে দুই নায়িকাকে।
রিপোর্টার্স২৪/ধ্রুব