রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে ৫০ থেকে ৫৫ দিন কিংবা তারও বেশি সময় লাগে। ডিজিটাল সেবার আওতায় এসব প্রক্রিয়া সহজ করে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে চামড়া, জুতা, জাহাজ নির্মাণ ও লাইট ইঞ্জিনিয়ারিংসহ সম্ভাবনাময় নতুন শিল্প খাতের বিকাশে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণকে সামনে রেখে আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগও নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করা এবং বিনিয়োগকারীদের হয়রানি ও সময়ক্ষেপণ কমাতে সরকারি বিভিন্ন সেবা প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে। বিশেষ করে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) দেওয়ার কার্যক্রম সহজ করা হচ্ছে।
এ লক্ষ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে এসব সেবা ১৪ দিনের মধ্যে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সময় ও ব্যয় দুটিই কমবে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ আরও আকর্ষণীয় হবে।
রপ্তানি বহুমুখীকরণকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রপ্তানি আয় মূলত তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। এ নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
চামড়াশিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের বিষয়েও কাজ চলছে।
দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে এ শিল্পকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী করে গড়ে তুলতে চায় সরকার।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে।
এ ছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
বৈঠকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা দূর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রকল্প পরিচালকদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
বাংলাদেশের এসব উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং মুক্ত বাণিজ্য চুক্তি-সংক্রান্ত গবেষণায় সহায়তার আগ্রহ প্রকাশ করেন।
তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা (আইএফসি) যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে পারলে দেশে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক।
বৈঠকে বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করা গেলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধির বড় সুযোগ তৈরি হবে।
বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম