সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. মুহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এ বিষয়ে তিনি তার ফেসবুক পেজে একটি বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ১৬ নভেম্বর রাতে যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুকে তাঁর গাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি অজ্ঞাত বাসার টর্চার সেলে আটকে রেখে নির্যাতন চালায়।
এ সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় তাঁর কনুই থেকে কব্জি পর্যন্ত হাতের হাড় কয়েক স্থানে ভেঙে গেছে। এ ছাড়া তাঁর দুই পা মারাত্মকভাবে ফুলে গিয়ে গুরুতর জখম হয়েছে।
বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।
এমন অবস্থায় তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি আহত আইনজীবীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।
একজন জ্যেষ্ঠ আইনজীবী ও পেশাজীবীর ওপর এ ধরনের নৃশংস হামলা আইনের শাসন, মানবাধিকার ও নাগরিক নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার মূল হোতা নয়নসহ জড়িত সব ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
একই সঙ্গে গুরুতর আহত অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য ড হেলাল উদ্দিন দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মহিউদ্দিন রুদ্রকেও হামলা করে তাকে পুলিশের হাতে তুলে দেন যুবদল ঢাকা মহানগরের সেক্রেটারি নয়ন।
রিপোর্টার্স২৪/ঝুম