রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না শামীম হোসেন পাটোয়ারী। ধারাবাহিক ব্যর্থতার কারণে বাদ পড়া লিটন দাসের বদলে আজ একাদশে সুযোগ পান বাঁহাতি এই ব্যাটার।
স্বাভাবিকভাবে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা শামীম আজ ব্যাটিং করেছেন ছয়ে। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। আসিথা ফার্নান্দোর শর্ট বল পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন জানিথ লিয়ানাগের হাতে। ফেরার আগে করেন ২৩ বলে ২২ রান।
অন্যদিকে, অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ব্যর্থতার ধারা কাটাতে পারেননি। প্রথম ম্যাচে ‘ডাক’ মারার পর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন তিনি। ইনিংস গড়ার প্রয়োজন ছিল দলের, কিন্তু বাজে শটে আউট হয়ে ফেরেন মাত্র ৯ রান করে (১০ বল)।
বাংলাদেশ এখন ব্যাটিং নিয়ে বড় পরীক্ষার মুখে। একাধিক সিনিয়র ব্যাটারের অবসরের পর নতুনদের থেকে ধারাবাহিক পারফরম্যান্স না আসায় একাদশ গঠনে চিন্তায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।
রিপোর্টার্স২৪/ঝুম