নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে সাতজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৃথক সাতটি মামলায় মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার তারোয়া, জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) সংলগ্ন এলাকা এবং হাজীপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাসের নরসিংদী কার্যালয়ের ম্যানেজার আহমাদউল্লাহ।
অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে সাতজনের বিরুদ্ধে সাতটি মামলা করা হয়। পরে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৬ ধারায় তাদের মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম