ইন্টারন্যাশনাল ডেস্ক: জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুব কঠিন মানুষ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি মোদির চেয়েও কঠোর হতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে নিজের সম্পর্ককে ‘মোটামুটি ভালো’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প।
নেতাদের সঙ্গে ছবি তোলার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্ক রয়েছে। শুরু থেকেই তাদের সঙ্গে সম্পর্ক ভালো এবং তারা তার বন্ধু। এ কারণে সহযোগিতার ক্ষেত্রেও বাড়তি সুবিধা তৈরি হয়েছে।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, তিনি খুব কঠিন মানুষ। এরপর জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির দিকে ইঙ্গিত করে বলেন, তিনি হয়তো মোদির চেয়েও কঠোর।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের প্রসঙ্গে কিছুটা রসিকতার সুরে ট্রাম্প বলেন, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটামুটি ভালো।
তবে তিন নেতার সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
কূটনৈতিকভাবে জাপান, ভারত ও অস্ট্রেলিয়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় দেশ তিনটির সঙ্গে ওয়াশিংটনের সহযোগিতা বিশেষ গুরুত্ব বহন করে।
বিশ্লেষকদের মতে, আসন্ন বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
রিপোর্টার্স২৪/রাফিদ