গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগ ও লকার ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের অস্ত্র লুট এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে এ ঘটনা শুরু হয়।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনতে যায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ-বিতণ্ডা হয়।
এর এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটর সাইকেল ও বাসভবনেও আগুন ধরিয়ে দেয়।
পরে তারা লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুটে নেয়। পুলিশ তাদের মোকাবিলা করতে সাউন্ড গ্রেনেড, টায়ার সেল ও রবার বুলেট নিক্ষেপ করে। কিন্তু এসব করে পুলিশ তাদের সঙ্গে পেরে না উঠে থানা ছেড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও জানা গেছে, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়া যাওয়ার পথে নিলফা বাজার নামকস্থানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের সড়কে গাছের গুড়ি ফেলে বেরিকেটে মুখে পড়ে। এ সময় তারা আনসার ব্যাটেলিয়নের একটি গাড়িতে অগ্নি সংযোগ করে। এছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি অগ্নি সংযোগ করে। সড়কের বিভিন্ন স্থানে বেরিকেট সৃষ্টি করার কোথাও ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিভাতে যেতে পারেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ ও সহিংসতা চলাচ্ছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব