মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বলতলা ব্রিজ ও চেয়্যারম্যানপাড়া এলাকা থেকে পৃথক সময়ে এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়্যারম্যানপাড়া এলাকায় মৃত রুহুল কুদ্দুসের ছেলে হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে লাল টেপে মোড়ানো তিনটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
অন্যদিকে, একই ইউনিয়নের বলতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর থেকে আরও তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা সেগুলো সেখানে রেখে যায়। বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। এসব বস্তুর গায়েও ‘জয় বাংলা’ লেখা দেখা গেছে।
একই ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তবে কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/রাফিদ