নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার সড়ক ও জনপথ বিভাগের পুকুরে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১৪ বছর বয়সী ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, সাঁতার জানা মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি সাঁতার শেখাও জরুরি। সাঁতার জানা থাকলে পানিতে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত সাঁতার চর্চার আহ্বান জানান।
জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মীর বাবলুর রহমান, স্থানীয় ক্রীড়া সংগঠক কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আকরাম হোসেন সুমন ও মোস্তফা কামাল রতন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো,কারারচর মৌ. তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, করিমপুর করোমত কামাল বয়েজ হাই স্কুল, আলীজান জুট মিলস হাই স্কুল, পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
এর আগে গত ১ নভেম্বর এ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। পরে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
রিপোর্টার্স২৪/ঝুম