রাজবাড়ী প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও বাসে আগুন দেওয়াসহ নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে রেলস্টেশন-সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও সহিংসতার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গোয়ালন্দে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, দেশের মানুষের প্রত্যাশা শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ। যারা সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুক্তার মৃধা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।
রিপোর্টার্স২৪/রাফিদ