স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাদের মধ্যে কয়েকজনকে পৃথক দুটি আইনে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাকি ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বাংলানিউজকে বলেন, মামলায় ৫৫ জনের সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাচার করা অর্থের দ্বিগুণ ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দুই আইনে তার মোট কারাদণ্ড ১৫ বছর। জাবেদের স্ত্রী রুকমীলা জামানকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আরও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সবমিলিয়ে তার সাজা ১০ বছর।
তিনি আরও বলেন, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, মো. আব্দুল হামিদ চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পালকে বিভিন্ন ধারায় পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে আব্দুল হামিদ চৌধুরীকে শুধু দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আটজনের মধ্যে পৃথক দুটি আইনে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া অন্য তিনজন হলেন, মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী ও মো. সাইফুল ইসলাম। এ ছাড়া মো. শাহ আলমকেও একই আইনে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তারা হলেন, মোহাম্মদ একরাম উল্লাহ, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামান, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, আরিফ কাদরী, প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ জাহিদ, মো. শহীদ, মো. সুমন, মো. ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।
মামলার নথি থেকে জানা যায়, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিংয়ের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে ওই অর্থ কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন জাবেদ। পাচার করা অর্থ দিয়ে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগও আনা হয়।
২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। পরে তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ায় মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব