স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজের সংকট। এতে কর্মহীন হয়ে পড়ছেন অনেক শিল্পী ও কলাকুশলী। টানা বেকারত্বের কারণে বাধ্য হয়ে তাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক শিবিরে ভিড় করছেন বলে মনে করেন নব্বই দশকের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। তার মতে, কর্মসংস্থানের অভাবই শিল্পীদের রাজনীতিমুখী হওয়ার অন্যতম কারণ।
কয়েক দিন আগে চিত্রনায়ক হেলাল খান ও জয় চৌধুরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনাকে ইঙ্গিত করে নিজের কিছু অভিজ্ঞতা ও চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন মুনমুন।
নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, যেদিন এফডিসিতে তার সঙ্গে অন্যায় করা হয়েছিল, সেদিন পুরো এফডিসি যেন তার বিরুদ্ধে কথা বলেছিল। তখন তার ওস্তাদ তাকে চুপ থাকতে বলেছিলেন। তিনিও প্রতিবাদ না করে নীরব ছিলেন। তবে এখন অনেক শিল্পীকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখে ভালো লাগছে বলে জানান তিনি।
মুনমুনের অভিযোগ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় থাকা কিছু শিল্পী-কলাকুশলী রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন। অথচ চলচ্চিত্র অঙ্গনের সাধারণ শিল্পী ও কলাকুশলীদের হাতে দীর্ঘদিন ধরে কাজ নেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এফডিসির শিল্পী-কলাকুশলীদের হাতে কাজ নেই। এ কারণেই হয়তো রাজনৈতিক শক্তির ব্যবহার হচ্ছে। পুরোনো সরকার যায়, নতুন সরকার আসে। কিন্তু এফডিসির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুধু রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত শিল্পী-কলাকুশলীরা। সিনেমা তো সবার জন্য, দলমত নির্বিশেষে সবার জন্য। তাহলে সিনেমার লোকেরা কেন রাজনীতি করবেন?
চলচ্চিত্রে কাজের অভাব থেকেই অনেক শিল্পী রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ছেন বলে মনে করেন এই অভিনেত্রী। পরিস্থিতি পরিবর্তনে সরকারের প্রতি এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে আর্থিক সহায়তার পরিবর্তে শিল্পী-কলাকুশলীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন মুনমুন।
তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্রকে বাঁচাতে বর্তমান সরকারের এগিয়ে আসা প্রয়োজন। সাহায্য করার পরিবর্তে শিল্পী-কলাকুশলীদের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের সুযোগ করে দিতে হবে। কারণ, একটানা বেকার জীবনে ভিক্ষা করে খাওয়া ছাড়া শিল্পী ও কলাকুশলীদের আর কোনো রাস্তা নেই। অনেক শিল্পীকেই দেখেছেন, বাধ্য হয়ে সব সরকারের আমলেই রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়তে। তার মতে, এর পেছনে মূল কারণ কর্মহীনতা।
সরকারের পাশাপাশি দেশের তরুণ সমাজকেও চলচ্চিত্রশিল্প রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুনমুন। তার ভাষ্য, সময়ের সঙ্গে অনেক সংস্কৃতি হারিয়ে যায়। বাংলা চলচ্চিত্রও এখন হারিয়ে যাওয়ার পথে, অনেকটাই হারিয়েও গেছে। বাংলা চলচ্চিত্র বাংলাদেশের কথা বলে, এটি দেশের অন্যতম সাংস্কৃতিক জগৎ। এই শিল্পকে আরও ধ্বংসের দিকে যেতে দেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে শুধু সরকার নয়, দেশের যুবসমাজও ভূমিকা রাখতে পারে।
পরিবর্তিত বিশ্বে বিনোদন দেখার মাধ্যমেও বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করেন মুনমুন। তার মতে, বড় পর্দার সংকট শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এর প্রভাব পড়েছে। স্মার্টফোনের ছোট পর্দায় সবকিছু দেখার সুযোগ তৈরি হওয়ায় সিনেমা হলের পাশাপাশি টেলিভিশনও আগের মতো দর্শক ধরে রাখতে পারছে না।
এ পরিস্থিতিতে বড় পর্দার শিল্পীদের ছোট পর্দায় নিয়মিত কাজের সুযোগ তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। মুনমুনের মতে, এমন উদ্যোগ নিতে হবে, যাতে ছোট পর্দায় বড় পর্দার শিল্পীদের নিয়মিত দেখা যায় এবং তাদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব