শরীয়তপুর প্রতিনিধি: দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদ এবং বিভিন্ন স্থানে কৃষকদল নেতাদের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ এবং জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপুর নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
এতে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিভিন্ন স্থানে কৃষকদল নেতাদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ